রংপুরের পীরগাছায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ মে) রাত ১১টার দিকে উপজেলার কুড়ারপার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন পীরগাছা সদর ইউনিয়নের কসাইটারী গ্রামের ছফুর উদ্দিনের ছেলে।বিভিন্ন সময় ধান, গম ও ভুট্টার স্টক ব্যবসা করতেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় বাজার থেকে ফিরে সন্ধ্যার পর দেলোয়ার হোসেন বাড়িতেই ছিলেন। রাত ১১টার দিকে প্রতিবেশী ফারুক নামে এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে কুড়ারপার ব্রিজ এলাকায় রেল লাইনের কাছে পৌঁছলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা দেলোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এসময় দেলোয়ারের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
দেলোয়ারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসী। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই প্রতিবেশী সবুজ নামে এক যুবকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
রংপুরের পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন, দেলোয়ার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বর্তমানে তার মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। থানায় এটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।