বরেণ্য আবৃত্তিশিল্পী মো: আহ্কাম উল্লাহ্র মা সুফিয়া ইমামের মৃত্যুতে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছে।
বিবৃতিতে দেশের প্রগতিশীল রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনে সুফিয়া ইমামের পৃষ্ঠপোষকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড স্মরণ করেন সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ।
সুফিয়া ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, সাহিত্য একাডেমিসহ দেশের সামাজিক-সাংস্কৃতিক ও আবৃত্তি সংগঠন। শোক বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ স্বাক্ষরিত শোক বিবৃতিতে বলা হয়, সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য স্মরণীয় হয়ে থাকবেন সুফিয়া ইমাম।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর স্বাক্ষরিত শোক বিবৃতিতে বলা হয়, মরহুমা সুফিয়া ইমাম দেশের প্রগতিশীল রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনে পৃষ্ঠপোষকতার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ লিখেন, গভীর শোক প্রকাশ করছি। জীবনের এই নিদারুন শোকের কালে কি বলে তোমাকে সান্তনা দেবো আহকাম।
সোমবার (৩ এপ্রিল) রাত পৌনে তিনটার রাজধানীর নিজবাসায় মৃত্যুবরণ করেছেন সুফিয়া ইমাম। তার জানাজার নামাজ ৫ই এপ্রিল বুধবার জোহরের নামাজের পর কমলাপুর শের-এ-বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে হবে। এরপর তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়। তিনি আর্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।