কুমিল্লায় কেন্দ্রীয় যুবলীগ নেতা রুমির নেতৃত্বে শান্তি সমাবেশ

কুমিল্লার বুড়িচংয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা এহতেশামুল হাসান ভূঁইয়া রুমির নেতৃত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। শুক্রবার  (১০ নভেম্বর ) বিকেলে বুড়িচংয়ের নিমসার হাই স্কুলে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শিকারপুর, মাধবপুর, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে নিমসারে এসে শেষ হয়।

সমাবেশে হরতাল-অবরোধের নামে সহিংসতা ও গাড়ি পোড়ানোর নিন্দা জানান কুমিল্লার বুড়িচংয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি।

সমাবেশে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতা আনতে আহবান জানান নেতা-কর্মীরা।

এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি  বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি গণতন্ত্রের নামে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। তারা এখন আগুন দিয়ে বাস পোড়াচ্ছে। এরা গণতন্ত্র চায় না। এরা নির্বাচন চায় না।’

বিএনপি-জামায়াতের নাশকতা রুখে দেওয়া হবে বলে মন্তব্য করে তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা সবসময় সাধারণ মানুষ পাশে ছিলেন,আগামীতেও থাকবেন। মানুষের অধিকার আদায় করতে হলে শেখ হাসিনা সরকারকে আবার ক্ষমতা আনতে হবে।

শান্তি সমাবেশে সভাপতিত্বে করেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন মৌকাম ইউনিয়নের চেয়ারম্যান মো. সাহেব আলী, আওয়ামীলীগ নেতা ফজলুল হক খান প্রমুখ। সমাবেশে মৌকাম ইউনিয়ন আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, যুুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।