‘চিনি কম লিকার বেশি’ দিয়ে যাত্রা শুরু বায়োস্কোপের

নিজেদের প্রথম মৌলিক গান নিয়ে এল ব্যান্ড বায়োস্কোপ। ‘চিনি কম লিকার বেশি’ শিরোনামের গানটি টিএসসির চা বিক্রেতা স্বপন মামাকে উৎসর্গ করেছে করেছে বায়োস্কোপ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করেছে তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতি আরা নাসরিন শুক্রবার ফেইসবুকে লিখেছেন, ‘লেজেন্ড স্বপন মামাকে নিয়ে ব্যান্ড 'বায়োস্কোপ' তো গান বেঁধে ফেলেছে। আমিও ইতিহাসের অংশ হতে চাই।’

স্বপন মামার সঙ্গে একটি ছবিও শেয়ার করেন গীতি আরা নাসরিন। মন্তব্যের ঘরে গানটির লিংকও শেয়ার করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে প্রায় ৪০ দশক ধরে চা বিক্রি করেন মো. আবদুল জলিল মিয়া, যিনি সেখানে আড্ডা দেওয়া সবার কাছে পরিচিত ‘স্বপন মামা’ নামে; এই বিক্রেতার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

‘চিনি কম লিকার বেশি, তোমায় আমি ভালোবাসি' লিরিকের ভাবনা কিভাবে এল জানতে চাইলে বায়োস্কোপ ব্যান্ডের সদস্য তারেক গণমাধ্যমকে বলেন, ‘এক বন্ধুর ফেইসবুক ওয়ালে পাওয়া এই লাইনটা হুট করেই মনে গেঁথে যায়। এরপর কানেক্ট করি টিএসসির স্বপন মামাকে। ভাবতে ভাবতে পুরো ক্যাম্পাসের গল্পের একটা লোক-আঙ্গিক দাঁড়িয়ে গেল।’

বায়োস্কোপ কেমন ব্যান্ড হবে? জানতে চাইলে বাপ্পী নবী গণমাধ্যমকে বলেন, ‘আমরা কী ধরনের করব, তা ভাবতে ভাবতেই মাথায় আসে, আমরা লোক-আঙ্গিকের গান করবো, কিন্তু তা হবে সমকালীন গল্প নিয়ে। চারপাশে যা দেখছি তারই বায়োস্কোপ দেখাবো আমরা।’

বায়োস্কোপের আরেক সদস্য অরণ্য বলেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ব্যান্ডের নিজস্ব গান থাকবে। সেই পরিকল্পনা থেকেই ব্যান্ড গঠনের শুরুতেই আমার নতুন গান প্রকাশ করেছি।’

শিগগিরই ‘হেলায় ফেলায়’ ও ‘বিসিএস’ নামে আরও দুটি গান প্রকাশ পাবে বায়োস্কোপের। এ ব্যান্ডের গানের ধরন নিয়ে অরণ্য বলেন, ‘ব্যান্ড গঠনের চিন্তা করার পর থেকেই আমার ভাবছিলাম কী ধরনের গান করব। ভাবতে ভাবতেই মাথায় আসে, আমরা লোক-আঙ্গিকের গান করব, কিন্তু তা হবে সমকালীন গল্প নিয়ে। চারপাশে যা দেখছি তারই বায়োস্কোপ দেখাব আমরা।’

বায়োস্কোপ ব্যান্ডের লাইনআপ: অরণ্য আকন (ভোকাল ও গিটার), সাহস মোস্তাফিজ (ভোকাল ও মেলোডিকা), বাপ্পি নবী (ভোকাল ও গিটার), লোবান (ড্রামস), আবির দাস (পারকেশন), তারেক আহসান (ভোকাল ও বেজ গিটার)।