বান্দরবানে গভীর রাতে প্রবাসীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে ৭ বছরের শিশুকে অপহরণ

বান্দরবানে গভীর রাতে সৌদি প্রবাসী মোঃ সাবুল কাদেরের ঘরে ঢুকে অস্ত্রের মুখে তার ৭ বছরের শিশুকে অপহরণ করে নিয়ে গিয়েছে দুর্বৃত্তরা। শিশুটির নাম বাপ্পি। সে স্থানীয় রাঙ্গাঝিরি নূরানী মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। 

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। 

পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে ঘরের দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে দুর্বৃত্তরা। পরে তারা বাপ্পিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। আতঙ্কে কেউ কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। বুধবার (৩০ জুলাই) বিকেলে অপহরণকারীরা মোবাইল ফোনে শিশুটির মুক্তির জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। র‍্যাব-১৫ কক্সবাজার এর অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই সম্ভাব্য কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়েছে। অপহরণকারীদের শনাক্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। শিশুটিকে নিরাপদে উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’

এছাড়াও নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক জানান, কিছু গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি, যা ধরে তারা এগিয়ে যাচ্ছে।