সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলের মৃত্যুর অভিযোগ

সুন্দরবনে পাটকোস্টা বন অফিসের এসও মোবারক হোসেনের ছোড়া গুলিতে আমিনুর রহমান (৪০) নামে এক জেলে নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে সুন্দরবনের এলাবাসি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ আলী গাজীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম জানান, বুড়িগোয়ালিনী বন অফিস থেকে বৈধ অনুমতি নিয়ে দুই সহযোগীসহ আমিনুর সুন্দরবনে কাঁকড়া আহরণে যান। এ সময় পাটকোস্টা বন অফিসের এসও মোবারক হোসেন তাদের কাছে আসার নির্দেশ দেন। তবে জেলেরা বনদস্যু সন্দেহে আতঙ্কিত হয়ে নৌকা দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করলে মোবারক হোসেন তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আমিনুর রহমান কোমরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, আমিনুরের সহযোগীরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক এ জেড এম হাসানুর রহমান একজন জেলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও বনবিভাগের গুলিতে মৃত্যুর অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান বলেন, গুলিতে এক জেলের মৃত্যুর ঘটনা জানা গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।