দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক নারী ও এক শিশু আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা পৌর এলাকার আবালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার বেঙ্গা বেরইল গ্রামের গোলাম রব্বানীর ছেলে নাইমুল ইসলাম (৩০) ও একই উপজেলার পঞ্চিম রামনগর গ্রামের শরিফুল ইসলামে ছেলে আশিকুর রহমান (৪৩)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা পৌর এলাকার আবালপুর এলাকায় বিপরীতমুখী দুই মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় অপর মোটরসাইকেল আরোহীও মারা যান। আহত নারী ও শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ইমরান আহমেদ জানান, আহত নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার্ড করা হয়েছে। সঙ্গে থাকা শিশুটি বর্তমানে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।

মাগুরা রামনগর হাইওয়ে থানার এস আই মাহবুবুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটঁনান্থলে যায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।