শেরপুরে ড্রামের ভেতর থেকে নারীর মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নে একটি প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার শ্রীবরদী টু শেরপুর সড়কের কুড়িকাহনিয়া বাজার সংলগ্ন সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কুড়িকাহনিয়া বাজারের সেতুর নিচে পানিতে একটি নীল রঙের বড় প্লাস্টিকের ড্রামে এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের ড্রাম থেকে মরদেহ উদ্ধার করে। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের চোখের উপর, গলায়সহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছ বলে জানিয়েছে পুলিশ।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, নিহতের নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে এবং সেটি ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হবে।