ক্ষমতার একটি অদ্ভুত মনস্তত্ত্ব রহিয়াছে। যাহার হাতে যতটুকু ক্ষমতা, অনেক সময় তাহার আস্ফালন হয় তাহারও অধিক। মূল কর্তা যতটা সংযত, তাহার অধীনস্থ ব্যক্তি ততটাই উদ্ধত। এই চিরচেনা সামাজিক বাস্তবতাকে বাংলার লোকজ অভিজ্ঞতা মাত্র চারটি শব্দে ধরিয়া রাখিয়াছে—‘বাঁশের চাইতে কঞ্চি দড়'। প্রবাদটির বয়স কত, কে প্রথম বলিয়াছিলেন, তাহার নির্দিষ্ট ইতিহাস জানা যায় না। কোনো একক লেখক বা গ্রন্থ ইহার জনক নহে। কৃষিনির্ভর গ্রামীণ সমাজের দীর্ঘ অভিজ্ঞতা ও লোকমুখের ভাষা হইতেই সম্ভবত ইহার জন্ম।
প্রবাদটির ব্যুৎপত্তি ও শাব্দিক তাৎপর্য বিশ্লেষণ করিলে ইহার অন্তর্নিহিত রূপকটি আরও স্পষ্ট হয়। ‘বাঁশ’ শব্দটির উৎস সংস্কৃত ‘বংশ' হইতে। প্রাকৃত ভাষার বিবর্তনধারা অতিক্রম করিয়া শব্দটি বাংলায় ‘বাঁশ’ রূপ ধারণ করিয়াছে। উদ্ভিদটি আকারে দীর্ঘ, কাষ্ঠল ও দৃঢ় হইলেও ইহার মধ্যে যথেষ্ট নমনীয়তা রহিয়াছে। ঝড়ের মুখে বাঁশ নুইয়া পড়ে, আবার সোজা হইয়া দাঁড়ায়। ‘কঞ্চি’ অর্থ বাঁশের সরু ডাল বা শাখা। শব্দটি মূলত দেশজ ও আঞ্চলিক ভাষার ধারায় প্রচলিত। সংস্কৃত ‘কঞ্চিকা’ শব্দের সহিত ইহার ধ্বনিগত সাদৃশ্যের কথা কেহ কেহ উল্লেখ করিলেও সেই সম্পর্ক নিশ্চিত বলিবার মতো প্রমাণ নাই। আর ‘দড়' শব্দটি দৃঢ় বা কঠিন অর্থে ব্যবহৃত। ইহাকে সংস্কৃত ‘দৃঢ়’ শব্দের তদ্ভব রূপ বলিয়া ব্যাখ্যা করা হয়। অর্থাৎ যাহা শক্ত, অনমনীয় কিংবা সহজে নতি স্বীকার করে না। প্রকৃতির এক বিস্ময়কর বৈপরীত্য এইখানে ধরা পড়ে। আকারে বৃহৎ বাঁশ অনেক সময় নমনীয়, অথচ তাহার ক্ষুদ্র কঞ্চি অধিক কঠিন, খসখসে ও ধারালো। কঞ্চির আঁচড় শরীরে বিঁধিয়া যে যন্ত্রণা সৃষ্টি করে, বাঁশের বৃহৎ অবয়ব তাহা করে না। এই প্রত্যক্ষ অভিজ্ঞতাই প্রবাদের জন্ম।
বাংলার কৃষিভিত্তিক সমাজে প্রজন্মের পর প্রজন্ম লোকমুখে ইহা প্রবাহিত হইয়াছে। পরবর্তীকালে বাংলা ভাষার অভিধান ও প্রবাদ-সংকলনে ইহার স্থান হইয়াছে। ড. সুশীলকুমার দের বাংলা প্রবাদ, জ্ঞানেন্দ্রমোহন দাসের বাঙ্গালা ভাষার অভিধান এবং হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ প্রভৃতি গ্রন্থ বাংলা প্রবাদ ও শব্দের অর্থগত ঐতিহ্য অনুসন্ধানের গুরুত্বপূর্ণ আকরগ্রন্থ। সাহিত্যের নকশা, প্রহসন, সামাজিক উপন্যাস ও ব্যঙ্গরচনায়ও এই প্রবাদের ভাবার্থ বারবার প্রতিফলিত হইয়াছে। 'রাজার চেয়ে কোটাল বড়' কিংবা ইংরেজি প্রবচন ‘More royalist than the king'-এর সহিত ইহার ভাবগত সাদৃশ্য রহিয়াছে।
কিন্তু প্রশ্ন হইল, এই প্রবাদের শিক্ষা আমরা কতখানি গ্রহণ করিয়াছি? রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল কিংবা প্রশাসন—সর্বত্রই দেখা যায়, মূল ক্ষমতাকেন্দ্রের আশ্রয়ে কিছু মানুষ নিজেদের ক্ষমতার সীমা ভুলিয়া যায়। আইন যাহার জন্য প্রযোজ্য, তাহারাই অনেক সময় আইনকে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করিতে চাহেন। দায়িত্বের চেয়ে দাপট বড় হইয়া উঠে। আনুগত্যের নামে চলে অন্ধ আস্ফালন। তখন সাধারণ মানুষ মূল কর্তাকে যতটা ভয় পায়, তাহার আশপাশের ক্ষমতাধর অনুচরদের ভয় পায় তাহার চাইতেও অধিক। প্রকৃত জ্ঞান ও বিবেচনা মানুষকে সীমারেখা চিনিতে শিখায়; কিন্তু যাহারা ক্ষমতাকে স্থায়ী সম্পদ মনে করেন, তাহারা ভুলিয়া যান, ক্ষমতারও আয়ুষ্কাল রহিয়াছে। আগাছা যেমন আশ্রয়দাতা গাছের রস শোষণ করিয়া একসময় তাহার অস্তিত্বকেই বিপন্ন করে, তেমনি অতিরিক্ত ক্ষমতালোভী অনুচরেরাও শেষ পর্যন্ত নিজেদের আশ্রয়দাতার জন্য বিপদ সৃষ্টি করে।
বাঁশের চাইতে কঞ্চি দড় হইয়া উঠিবার মধ্যে সাময়িক দাপট থাকিতে পারে; কিন্তু পরবর্তী সময়ে বিপদও ডাকিয়া আনে। কারণ, প্রত্যেক ক্রিয়ারই তো বিপরীত প্রতিক্রিয়া থাকে। ইতিহাস সাক্ষ্য দেয়, যাহারা সীমা মানেন নাই, ‘সময়’ শেষ পর্যন্ত তাহাদের ‘সীমা’ চিহ্নিত করিয়া দিয়াছে। বাঁশঝাড়ে কঞ্চির সংখ্যা বাড়িলেই বাঁশের উচ্চতা বাড়ে না। এই সহজ সত্যটি প্রকৃত বুদ্ধিমানরা কখনো ভোলেন না; কিন্তু যথার্থ বুদ্ধিমান হওয়া কি এত সোজা?