একুশে বইমেলায় এসেছে তানভীর তারেক এর নতুন গল্পগ্রন্থ ‘তোমার কথা বলিতে ব্যাকুল’। ১৫ টি গল্প নিয়ে সাজানো এই বইটির প্রকাশক দেশ পাবলিকেশন্স।
বইটি প্রসঙ্গে জনপ্রিয় উপস্থাপক-লেখক ও সঙ্গীতপরিচালক তানভীর তারেক বলেন,‘বইটি আমার দীর্ঘদিনের পরিশ্রমের একটি ফসল। বিভিন্ন পত্রিকায় অনিয়মিতভাবে গল্প লিখেছি। সেগুলো থেকে বাছাই করে উল্লেখযোগ্য গল্পের সংকলন আমার ‘তোমার কথা বলিতে ব্যাকুল’। এর ভেতরে এই গল্পগুলোর বেশকটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। যা খুব শিগগিরই নির্মানের কাজ শুরু হবে। নগর-মফস্বল বা গ্রামের বিভিন্ন স্তরের মানুষের নানান অদেখা দিকগুলোর ঘটনা নিয়ে এই গল্পগুলো। তবে গল্পের মূল কেন্দ্রে থেকে নানান রকম মানুষের প্রেম।’
লেখালেখি জীবনের প্রাপ্তি প্রসঙ্গে তানভীর তারেক বলেন,‘আমার এই গল্পগুলোর অধিকাংশ লেখা নিয়েই সৈয়দ মনজুরুল ইসলাম স্যার থেকে শুরু করে আমার প্রিয় মানুষেরা প্রশংসা করেছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এটি আমার প্রকাশিত নবম গ্রন্থ। মূলত প্রতিটি বই প্রকাশের পরই নিজের পাঠকের প্রতিক্রিয়ার জন্য মুখিয়ে থাকি। সেদিক দিয়ে অনেকেই ঘোরটোপ, অপরিচিতা, মেঘময়ী, সৈয়দ সাহেবের উইল গল্পগুলোর ভীষণ প্রশংসা করছেন।’
বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলার ২৫৩,২৫৪,২৫৫ নম্বরের দেশ পাবলিকেশন্স এর স্টলে। এছাড়া অনলাইনে ঘরে বসে পেতে রকমারি ডট কম এ অর্ডার করলেই পাওয়া যাচ্ছে।
ইত্তেফাক/বিএএফ

