ভ্রমণ হলো বাংলাদেশকে চেনার অন্যতম সুন্দর উপায়। দেশের ৬৪ জেলা যেন ৬৪ রকম গল্প। কোথাও পাহাড়, কোথাও সমুদ্র; কোথাও নদী, হাওর-বাঁওড়, আবার কোথাও ছড়িয়ে আছে ইতিহাস ও ঐতিহ্যের নানা নিদর্শন। কিন্তু ৬৪ জেলার মধ্যে আপনি কতটি ঘুরে দেখেছেন, কতটি ঘুরে দেখে এখনও বাকি—সেই হিসাব রাখার সুযোগ এবার মিলছে অনলাইন ভ্রমণ ম্যাপে।
নিজের ঘুরে দেখা জেলার তালিকা দিয়ে সহজেই তৈরি করা যাবে বাংলাদেশের একটি ব্যক্তিগত ভ্রমণ ম্যাপ। ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিনের তৈরি এই ম্যাপটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এরই মধ্যে ভ্রমণ ম্যাপটি বেশ সাড়া ফেলেছে। অনেকেই নিজেদের ঘোরা জেলার তালিকা দিয়ে ম্যাপ তৈরি করে ফেসবুকে শেয়ার করছেন। এর মাধ্যমে এক নজরেই জানা যাচ্ছে, ৬৪ জেলার মধ্যে কতোটি ঘোরা হয়েছে এবং কতোটি এখনো বাকি। আপনিও চাইলে খুব সহজেই নিজের ভ্রমণ ম্যাপ তৈরি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। একই সঙ্গে বাকি জেলাগুলো ঘুরে দেখার পরিকল্পনাও করে ফেলতে পারেন।
যেভাবে তৈরি করবেন ভ্রমণ ম্যাপ
ম্যাপটি তৈরি করতে যেতে হবে ‘আনসিন বাংলাদেশ’ ওয়েবসাইটে। ওয়েবসাইটে প্রবেশ করলেই আটটি বিভাগে থাকা ৬৪ জেলার তালিকা পাওয়া যাবে। আপনি যেসব জেলায় ঘুরেছেন, সেগুলোতে ক্লিক করে নির্বাচন করতে পারবেন। চাইলে পাশে থাকা বাংলাদেশের মানচিত্রে সরাসরি সংশ্লিষ্ট জেলায় ক্লিক করেও তা বেছে নেওয়া যাবে। আবার জেলার নাম লিখে খুঁজে নেওয়ার সুবিধাও রয়েছে।
আপনি যতোগুলো জেলা নির্বাচন করবেন, ম্যাপে তার মোট সংখ্যাও দেখানো হবে। যেমন, ৬৪ জেলার মধ্যে ৪৩টি ঘুরে থাকলে ভ্রমণের হিসাব দেখাবে ৪৩/৬৪। সব জেলা একসঙ্গে নির্বাচন করতে রয়েছে ‘সব বাছাই করুন’ অপশন। আবার শুরু থেকে নতুন করে হিসাব করতে চাইলে ব্যবহার করা যাবে ‘সব মুছুন’। কয়েকটি ক্লিকেই এভাবে তৈরি হয়ে যাবে আপনার নিজের বাংলাদেশের ভ্রমণচিত্র।
পছন্দমতো থিম ও ছবি যোগ
শুধু জেলা বাছাই নয়, আছে নিজের মতো সাজানোর সুযোগও। ভ্রমণম্যাপকে আরও ব্যক্তিগত করে তুলতে রয়েছে থিম বেছে নেওয়ার সুযোগ। নিজের পছন্দের রঙের থিম ব্যবহার করে ম্যাপটি সাজানো যায়।
ওয়েবসাইটে পাঁচটি থিম দেওয়া আছে। আপনি যে কোনো একটি থিম পছন্দ করে তা ম্যাপে কেমন দেখায় দেখে নিতে পারেন।
চাইলে ম্যাপের সঙ্গে ছবিও যুক্ত করা যাবে। পাশাপাশি নিজের নাম লেখার সুবিধাও রয়েছে। নাম যোগ করা বাধ্যতামূলক নয়। নাম লিখলে ম্যাপের ওপর সেটি দেখা যাবে, আর নাম না দিলে সেখানে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে।
যেভাবে ম্যাপ ডাউনলোড করবেন
নিজের পছন্দ অনুযায়ী ম্যাপটি সাজানো হয়ে গেলে পেজের একেবারে নিচে যেতে হবে। সেখানে থাকা ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশন থেকে ম্যাপটি পিএনজি, জেপিজি কিংবা পিডিএফ ফরম্যাটে সংরক্ষণ করা যাবে।
