বিশ্বকাপ লড়াই শুরু করেছে বাংলাদেশ। সূচনাটাও দারণ হয়েছে টাইগারদের। তবে প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশার চাপ কাটাতে মূল লড়াইয়ের আগে এক মজার খেলায় মেতে উঠেছিলেন মাশরাফি-সাকিব-মুশফিকরা।
খেলাটির নাম ‘বাজওয়্যার চ্যালেঞ্জ’। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে এটি খেলতে দেখা যায় তাদের। এই খেলায় আরও অংশ নেন মোস্তাফিজ, মিরাজ, মাহমুদউল্লাহ।
খেলার নিয়ম হচ্ছে- একটি ধাতব বস্তুর মধ্য দিয়ে আরেকটি ধাতব বস্তু নিতে হবে। শর্ত হলো একটার সঙ্গে আরেকটি লাগতে পারবে না। তাহলেই ঘণ্টা বেজে উঠবে। কে সবচেয়ে কম সংখ্যক ঘণ্টা বাজিয়ে এই চ্যালেঞ্জ শেষ করতে পারেন সেটাই দেখার বিষয়।
মাশরাফি চ্যালেঞ্জটি ভালোভাবে শুরু করলেও কিছু দূর এগিয়েই ঘণ্টার কবলে পড়েন। আবার প্রথম থেকে শুরু করেন তিনি। আর সাকিব তো তিনবার ঘণ্টার কবলে পড়েন। সবচেয়ে বেশি ঘণ্টার কবলে পড়েন মুশফিকুর রহিম। সবাই বেশ মজা করেই চ্যালেঞ্জটি শেষ করেন। তবে টাইগারদের কেউই ঘণ্টা না বাজিয়ে খেলা শেষ করতে পারেননি।
ইত্তেফাক/জেডএইচ
