শ্রীলঙ্কাকে জেতালেন প্রদীপ-মালিঙ্গা

আপডেট : ০৫ জুন ২০১৯, ১০:২৬

ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে আফগানিস্তানকে ৩৪ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৩৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮২ রান তুলতে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ঘণ্টা তিনেক পর আবার খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪১ ওভারে। তবে ৩৬.৫ ওভারে ২০১ রানে শ্রীলঙ্কা গুটিয়ে যায়।

 

ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ১৮৭ রানের লক্ষ্য পায় আফগানিস্তান। তবে দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের উদ্ধার করেছেন নুয়ান প্রদীপ আর লাসিথ মালিঙ্গা। তাদের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তান ১৫২ রানে থেমে যায়। ফলে ৩৪ রানে জয় পায় শ্রীলঙ্কা।

 

এর আগে সোফিয়া গার্ডেনে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আফগানিস্তান। প্রথম ১০ ওভারেই শ্রীলঙ্কার স্কোরবোর্ডে বিনা উইকেটে ৭৯ রান। দিমুথ করুনারত্নেকে ফিরিয়ে ৯২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আফগান স্পিনার মোহাম্মদ নবী। এরপর শ্রীলঙ্কাকে এগিয়ে নিচ্ছিলেন পেরেরা ও লাহিরু থিরিমান্নে। ২১ ওভার শেষে শ্রীলঙ্কার রান ছিল ১ উইকেটে ১৪৪ রান। এরপরই ধসের শুরু। নবী একই ওভারে তুলে নেন থিরিমান্নে (২৫), কুশল মেন্ডিস আর অ্যাঞ্জেলো ম্যাথুসের উইকেট। পরের ওভারে পেসার হামিদ হাসানের শিকার ধনঞ্জয়া সিলভা। ১ উইকেটে ১৪৪ থেকে দুই ওভারের ব্যবধানে শ্রীলঙ্কার স্কোর তখন ৪ উইকেটে ১৪৯। এরপর টেকেননি থিসারা পেরেরা আর ইসুরু উদানা। তাতে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৮ উইকেটে ১৮০। ওই ওভার শেষেই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা।লক্ষ্য তাড়ায় আফগানিস্তান ৩৪ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই করেছিল। তবে স্কোরটা ৫৭ তে যেতেই তারা হারিয়ে ফেলে ৫ উইকেট। প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যেতে পারেন শুধু হজরতউল্লাহ জাজাই (৩০)। পাঁচে নামা নবী করেন ১১ রান। ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়েন গুলবাদিন নাইব ও নজিবুল্লাহ জাদরান।  এদিনও দুজন গড়ে ফেলেন ৬৪ রানের জুটি।

আরো পড়ুন : ঈদের সকালে সড়কে ঝরল প্রাণ

তবে দারুণ এক ডেলিভারিতে নাইবকে (২৩) এলবিডব্লিউ করে জুটি ভাঙেন প্রদীপ। এরপর রশিদ আর দৌলতও ফেরেন দ্রতই। শেষ ভরসা হয়ে টিকে ছিলেন নজিবুলাহ। তবে ৪৩ রান করে নজিবুল্লাহ রান আউটে কাটা পড়লে আফগানিস্তানের আশাও শেষ হয়ে যায়। হামিদ হাসানকে দারুণ এক ইয়র্কারে বোল্ড করে ম্যাচের ইতি টানেন মালিঙ্গা।  শেষ পর্যন্ত  আফগানিস্তান ১৫২ রানে থেমে যায়।

 

ইত্তেফাক/ইউবি