গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত ১৭৬ জন অস্থায়ী কর্মচারী ৩ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বসে এ অবস্থান কর্মসূচি শুরু করে। দুপুর ১২ টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এ কর্মসূচি চলাকালে কর্মচারী মো. রফিকুল ইসলাম, নাহিদ শেখ ও মো. মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আমাদের ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ, চাকরি স্থায়ীকরণ ও দৈনিক মজুরি ভিত্তিতে কর্মচারীর স্থায়ী নীতিমালা করার দাবি জানাচ্ছি। আমাদের দাবিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
আরও পড়ুন: খালেদা জিয়ার দুর্নীতি মামলায় সরকারের কিছু করার নেই: কাদের
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন,‘ তাদের নিয়োগ দেয়ার ক্ষমতা আমার নেই। তবে তাদের বিষয়ে ইউজিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সেখান থেকে কোন নির্দেশনা আসলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিবো।’
ইত্তেফাক/এএএম

