বশেমুরবিপ্রবিতে যৌন নির্যাতকের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৭:৪১

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) যৌন নির্যাতকের বিরুদ্ধে পঞ্চম দিনের মতো আন্দোলন এবং চতুর্থ দিনের মতো অনশন অব্যাহত রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে যৌন নির্যাতন করায় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আক্কাছ আলীর স্থায়ী বহিষ্কারের দাবিতে অনশন, গণস্বাক্ষর গ্রহণসহ বহুমুখী আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

পঞ্চম দিনের আন্দোলনের শুরুতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ফেনীর সোনাগাজীতে যৌন নির্যাতনের শিকার নুসরাত জাহান রাফির মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করেন।

কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘মোঃ আক্কাছ আলীকে স্থায়ীভাবে বহিষ্কার না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আমরা চাই বাংলাদেশের কোথাও যেন এমন ঘটনা না ঘটে। তাই অভিযুক্তের যথাযথ শাস্তি হওয়া প্রয়োজন।’

জানা যায়, গত (১০ এপ্রিল) বুধবার অনশনকারী এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাকে গোপালগঞ্জের সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীরা আলাদা করে নারী শিক্ষার্থীদের গণস্বাক্ষর গ্রহণ করছেন। 

আরও পড়ুনঃ জয়পুরহাটে শিশু নুরুন্নবী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

তদন্ত কমিটির প্রধান প্রফেসর ড. মোঃ আব্দুর রহিম খান বলেন, তিনজন শিক্ষকের মৌখিক বক্তব্যসহ প্রায় দুইশ শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের আরও কিছুদিন সময় লাগবে এবং সে বিষয়ে প্রশাসনের কাছে অনুরোধ করেছি।’

ইত্তেফাক/নূহু