ইতালির অ্যানডারাস উৎসবে বাংলাদেশের তথ্যচিত্র

আপডেট : ১৯ জুন ২০১৯, ০৩:৫১

৩ জুলাই থেকে ইতালির স্যারডিনিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যানডারাস ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবটির সেরা ৬০-এ জায়গা করে নিয়ছে বাংলাদেশি ডকুমেন্টারি ‘স্টোরি অব অ্যা ব্লাক রিভার’। এটি নির্মাণ করেছেন মো. সাব্বির ও শফিকুল সাজীব।

উৎসবটির ওয়েবসাইট থেকে জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশের ১৩৪২টি ছবি থেকে মূলপর্বে প্রদর্শনীর জন্য বাছাই করা হয় সেরা ৬০টি ছবি। একমাত্র বাংলাদেশি ডকুফিল্ম হিসেবে সুপারশর্ট ক্যাটাগরিতে স্টোরি অব অ্যা ব্লাক রিভার নির্বাচিত হয়েছে। এই উৎসব চলবে ৭ জুলাই পর্যন্ত।

এ প্রসঙ্গে মো. সাব্বির বলেন, ‘এটা আমাদের জন্য বেশ সম্মানের। তথ্যচিত্রটি নির্মাণ করেছিলাম গতবছরের মার্চে আমরা দুই বন্ধু একসাথে। প্রায় এক সাপ্তাহ সময় লেগেছে এটি নির্মাণ করতে। তুরাগ নদীর আশেপাশে ঘোরাঘুরি করে তুরাগ নদী কেন্দ্রিক যাঁদের জীবনযাত্রা তাঁদের সাথে কথা বলে শ্যুট করেছি।’

আরও পড়ুন: কঠিন স্বপ্নপূরণের হাতছানি

তথ্যচিত্রটি মূলত তুরাগ নদীর দূষণকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। তথ্যচিত্রটির দৈর্ঘ্য ৩ মিনিট। তথ্যচিত্রটি এর আগে আয়ারল্যান্ড এবং ভারতের বেশকিছু উত্সবে প্রদর্শিত হয়েছে।

ইত্তেফাক/আরকেজি