বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সরকার মসজিদের শহর ঢাকাকে ক্যাসিনোর শহরে পরিণত করেছে। তারা বলেছিল দেশকে সিঙ্গাপুর বানিয়ে দেবে। কিন্তু বর্তমান সরকার দেশকে সিঙ্গাপুরের চেয়ে কয়েক ধাপ এগিয়ে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস বানিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ কর্মসূচির আয়োজন করে।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনী জোর করে দেশের গণতন্ত্র দাবিয়ে রাখতে পারেনি। মনে রাখবেন, জোর করে দেশের মানুষের ভালোবাসা পাওয়া যায় না।
আরও পড়ুন: স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডাক্তার ও ফার্মাসিস্টদের একযোগে কাজ করতে হবে : স্পিকার
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়াকে মুক্ত করতে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়াকে বন্দি করার একমাত্র কারণ তিনি গণতন্ত্রের কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাকে মুক্ত করতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান ও ড্যাব মহাসচিব আব্দুস সালাম।
ইত্তেফাক/অনি

