ঢাকায় ১১ ঘণ্টা পর মোবাইল ফোনে ইন্টারনেট সেবা চালু

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৮:৩৯

১১ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা বিভাগে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা চালু হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল চারটা থেকে মুঠোফোনে থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট সেবা চালু করা জন্য বলা হয়। এরপর বিকেল সাড়ে চারটার দিকে গ্রাহকেরা ইন্টারনেট সেবা পেতে শুরু করেন। 

অপারেটর সূত্র জানিয়েছে, বরিশাল বিভাগে বিকেল পাঁচটা ও খুলনা বিভাগে সন্ধ্যা ছয়টা থেকে ইন্টারনেট সেবা স্বাভাবিক করার জন্য বলা হয়েছে।

তবে অন্য বিভাগগুলোতে কখন মুঠোফোনে ইন্টারনেট সেবা চালু হবে, তা জানা যায়নি।

মোবাইল ইন্টারনেট নিয়ে অসন্তোষ

এর আগে আজ ভোর পাঁচটা থেকে সারা দেশে মোবাইল ফোনে থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ হয়ে যায়। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। সমস্যাটি বেশিক্ষণ থাকবে না।’

নেট স্বাভাবিক করতে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেন তিনি। 

গত বুধবার কুমিল্লায় প্রথমে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। পরদিন বৃহস্পতিবার চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুরে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা স্বাভাবিক ছিলো। 

ইত্তেফাক/এএএম