কেকেআরের অনুশীলনে যোগ দিলেন সাকিব

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৮:১৮

আর কয়েকদিন পর মাঠে গড়াতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্জাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আসর ঘিরে বাংলাদেশি ক্রিকেট ভক্ত-সমর্থকদের আগ্রহ তুঙ্গে। কারণ, এক বছরের বিরতি শেষে আবারও আইপিএলে ফিরছেন দেশের ক্রিকেটের দুই বড় তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

এ বছর বাংলাদেশিদের কাছে আইপিএলের প্রতি আগ্রহ বাড়ার আরো একটি কারণ রয়েছে। তাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সে যে ফিরেছেন সাকিব। তাছাড়া এই দলটি বিশ্বসেরা অলরাউন্ডারের পুরনো দলও। যেখানে থেকে ২০‌১২ ও ২০১৪ সালে টুর্নামেন্টটির শিরোপা জিতেছেন তিনি। এমনকি নিলামে সাকিবকে কেনার সময় ফ্রাঞ্জাইজি কর্তৃপক্ষ বলেছিল, বাংলাদেশি তারকাকে তারা নিজেদের জন্য লাকি চার্ম বা সৌভাগ্যের প্রতীক ভাবেন।

গত প্রায় সপ্তাহখানেক আগে আইপিএল খেলার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সাকিব আল হাসান। মুম্বাইতে পৌঁছে দলীয় হোটেলে সাত দিনের কোয়ারেন্টাইন পালন করেন। যা গতকাল শনিবার শেষ হয়েছে। ফলে আজ রবিবার (৪ মার্চ) দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।

এ নিয়ে টুইট করেছে কলকাতা নাইট রাইডার্স। ক্যাপশনে লেখা হয়েছে, যেখানে সে বাস করে সেখানে ফিরে এসেছে!

আর ছবিতে দেখা যাচ্ছে, প্রধান কোচ ব্যান্ডন ম্যাককালামের সঙ্গে কিছু একটা নিয়ে কথা বলছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। আরেকটি ছবিতে তাকে বেশ ক্লান্ত দেখা গেলেও মুখে তৃপ্তির হাসি বজায় আছে। অনুশীলনের পর বিশ্রাম নিচ্ছেন বলেই মনে হলো।

অন্যদিকে, নিউজিল্যান্ড থেকে ফিরে আজই ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন মুস্তাফিজুর রহমান। সেখানে পৌঁছে তিনি নিয়ম অনুযায়ী সাত দিনের কোয়ারেন্টাইনে প্রবেশ করবেন। এরপরই নিজ দল রাজস্থান রয়্যালসের সঙ্গে যোগ দেবেন। এই দলটির হয়ে তিনি এবারই প্রথম আইপিএল মাতাবেন।

ইত্তেফাক/টিএ