ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে জব্দকৃত কচ্ছপ অবমুক্ত

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ০৫:৫৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীতে জব্দকৃত বিরল প্রজাতির ১০টি কচ্ছপ অবমুক্তকরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কড্ডা বাইপাস এলাকার  দক্ষিণ পাশ দিয়ে তিতাস নদীতে এই কচ্ছপগুলো অবমুক্ত করা হয়। 

এসময় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান, ফরেস্টার আসাদুজ্জামান,  ফকিমোড়া বিওপির হাবিলদার মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।  এর আগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বুধবার বিকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকা থেকে কচ্ছপগুলো জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, চোরাই পথে বিপুল পরিমাণ কচ্ছপ ভারতে পাচার হচ্ছে এ ধরনের সংবাদ পেয়ে ফকির মোড়া সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যরা গাজীরবাজারে অভিযান চালিয়ে বস্তা ভর্তি ১০টি বিরল প্রজাতির কচ্ছপ জব্দ করে। তবে এসময় পাচার কাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। 

বিজিবি জব্দকৃত কচ্ছপ বন বিভাগ কর্মকর্তার কাছে হস্তান্তর করে। পরে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার দেয়া সিদ্ধান্তে তিতাস নদীর গভীর জলাশয়ে জব্দকৃত বিরল প্রজাতির কচ্ছপগুলো অবমুক্তকরণ করা হয়।

ইত্তেফাক/জেডএইচ