২৮ বন্দুকসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৪:৪৩

সিরাজগঞ্জে বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই ও পাবনা সদর থানাধীন ভাওডাঙ্গা কালুরপাড়া এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় ২৮টি  দেশীয় বন্দুক, একটি এলজি ও রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- পাবনা সদর থানার খয়ের বাগান বাজার এলাকার আব্দুল হেলাল খাঁর ছেলে মিজানুর রহমান মিজান (১৯) ও ভাওডাঙ্গা কালুরপাড়া এলাকার মৃত ইমান আলীর ছলে মো. আব্দুল ওহাব (৩৫)।  

আরও পড়ুন: হোয়ার্টসএ্যাপের নতুন ফিচার

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান সিকদার, ডিআইওয়ান রেজাউল করিম, সদর থানার ওসি মোহাম্মদ দাউদ, ডিবি ওসি মো. ওহেদুজ্জামান প্রমুখ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, অভিযানে ১টি দেশীয় তৈরি বন্দুক, ১টি দেশীয় তৈরি এলজি অস্ত্র ও ১টি কার্তুজসহ আব্দুল ওহাব ও মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যে পাবনা জেলা পুলিশের সহযোগিতায় পাবনার সদর থানাধীন ভাওডাঙ্গা কালুরপাড়া এলাকার আব্দুল ওহাবের বাড়িতে অভিযান চালিয়ে দুটি চটের বস্তা থেকে ২৭টি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে অস্ত্র তৈরি করে বিক্রি করে আসছিল। 

ইত্তেফাক/এসি