সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে বিএনপি প্রার্থীসহ ১৫ জন আহত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০৪

সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ অন্তত ১৫জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে শহরের ইবিরোড এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৭ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে।  

আহত বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিএনপির সংসদ সদস্য প্রার্থী রুমানা মাহমুদ ও মেরী নামে এক নারী কর্মী আছেন বলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু নিশ্চিত করেছেন।

বাচ্চু অভিযোগ করে বলেন, 'বিকালে আওয়ামী লীগের একটি মিছিল বিএনপি অফিসের সামনে দিয়ে যায়। এরপর সন্ধ্যার দিকে স্থানীয় হোসেনপুর এলাকা থেকে ইকবাল হাসান মাহমুদ টুকুর বাড়ি থেকে তার সহধর্মিনী বিএনপি মনোনীত প্রার্থী রুমানা মাহমুদ দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা বিএনপি অফিসের দিকে রওনা হলে স্থানীয় ইবি রোড এলাকায় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠি, টিয়ার শেল ও গুলি নিক্ষেপ করে। এতে রুমানা মাহমুদ, মেরীসহ প্রায় ১৫ নেতাকর্মী আহত হয়।'

আরও পড়ুনঃ মুরাদনগরে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ২০

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, 'সন্ধ্যার দিকে বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় অফিসে যাওয়ার সময় বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে এবং গাড়িতে হামলা চালায়। এ সময় ৪ পুলিশ সদস্য আহতসহ একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে  ৮ রাউন্ড টিয়ার শেল এবং  ৪৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করতে হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।'

ইত্তেফাক/নূহু