ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে বরিশালে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানিয়েছেন, উজিরপুর উপজেলার ১নং পৌরসভায় আশলতা মজুমদার (৬৫) নামে ওই নারী নিজ বাড়িতে অবস্থানকালে ঝড়ের সময় গাছ চাপা পড়ে মারা গেছেন।
রাত থেকে শুরু হওয়া ভারি বর্ষণ ও বাতাসে জেলার সর্বত্র বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বরিশাল নগরীর বাকেরগঞ্জ, উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া ও বাবুগঞ্জের সড়কে গাছ পড়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে সড়কের গাছপালা সরানোর কার্যক্রম চলছে।
ক্ষয়ক্ষতির বিষয়ে জেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক কিছু না জানালেও বেশ কিছু স্থানে গাছ পড়ে যাওয়াসহ ফসলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে বিভাগীয় ও জেলা প্রশাসন থেকে তথ্য দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে টানা বর্ষণে বরিশাল নগরীসহ আশপাশের উপজেলা অধিকাংশ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বিকেল ৪টার পর বৃষ্টিপাত কমতে শুরু করায় মানুষ রাস্তায় বের হতে শুরু করেছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় বুলবুল: পিরোজপুরে ২ জনের মৃত্যু, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
রবিবার বিকেল ৫টায় বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা জানান, বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৩০৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ৮৭ কিলোমিটার। তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ইত্তেফাক/এসি

