পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৪

রাজশাহীর বাগমারায় পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন পুলিশের দুইজন সদস্য। খবর পেয়ে বাগমারা থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ছিনতাই হওয়া আসামি জাবের আলীসহ (৪৫) অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানা যায়, গত ২৯ নভেম্বর উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামে জাবেরসহ তার লোকজনরা মোবারক হোসেন নামে এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ওই ঘটনায় আহত মোবারক হোসেনের স্ত্রী নাজমা বিবি বাদি হয়ে জাবের আলীসহ ১০ জনকে আসামি করে বাগমারা থানায় মামলা দায়ের করেন। জাবেরকে গ্রেপ্তারে তৎপর হয় বাগমারা থানার পুলিশ। 

আরও পড়ুন: বিকল্প পথেও ঢাকা-বগুড়া সড়কে কমছে না ভোগান্তি, শীঘ্রই নতুন বেইলি ব্রিজ

শুক্রবার রাত ৮টার দিকে বাগমারা থানার পুলিশ বাসুপাড়া ইউনিয়নের জ্যোতিনগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জাবেরকে থানায় আনার সময় তার লোকেরা পুলিশের ওপর হামলা করে। এতে আহত হন দুই পুলিশ। ছিনিয়ে নেওয়া হয় জাবেরকে। 

বাগমারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

ইত্তেফাক/এসি