পরিবারের সঙ্গে বেড়াতে কক্সবাজার এসে সমুদ্রে ডুবে লাশ হয়ে বাড়ি ফিরেছে খুলনার সোনাডাঙ্গার স্কুল শিক্ষার্থী রেদওয়ান আহমেদ (১৪)। সে খুলনার সোনাডাঙ্গার সাব্বির আহমদের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আতিক উল্লাহ জানান, কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপ সমুদ্র সৈকতের অনিরাপদ জোনে ২৫ ডিসেম্বর বেলা ১১টার দিকে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলো রেদওয়ান। ২৬ ডিসেম্বর বেলা ১ টার দিকে একই স্থানে তার মরদেহ ভেসে ওঠে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে শিশু ধর্ষণকারীকে গণপিটুনী
পরিবারের বরাত দিয়ে আতিক উল্লাহ জানান, স্কুল বন্ধ হওয়ায় স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে রেদওয়ানরা পেঁচারদ্বীপের একটি রিসোর্টে ওঠে। বুধবার সকালে সাগরে গোসল করতে নামার একটু পরেই সে ভাটার টানে গভীর সমুদ্রে ভেসে যায়। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তার স্বজনেরা মরদেহ নিয়ে রাতেই খুলনার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবে।
ইত্তেফাক/নূহু

