যেদিকে তাকাই শুধু উন্নয়ন আর উন্নয়ন দেখি: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৭

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘উন্নয়ন হচ্ছে, আরও হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তিনি হাওরের উন্নয়নে যতকিছু দরকার সব দিচ্ছেন। কিছুদিনের মধ্যে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। তাই আসুন ধান্দাবাজ, মুনাফিক, মিথ্যুকদের কথা না শুনে দেশের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ হই।’

বৃহস্পতিবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২টি ইউনিয়নের ৭শটি পরিবারের মাঝে গভীর নলকূপ ও অফসেট-পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘এই সরকার নিরাপদ পানির অভাবে যাতে কোনও মানুষ আর কষ্ট না পায় তার সকল ব্যবস্থা করছে। নিরাপদ পানির পাশাপাশি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করছে সরকার। এসবের পাশাপাশি দেশের যে সার্বিক উন্নয়ন হচ্ছে তা ইতিহাসযোগ্য। এ দেশের ইতিহাসে কোনও সরকার এত উন্নয়ন করেনি। দেশের যেদিকে তাকাই শুধু উন্নয়ন আর উন্নয়ন।’

তিনি আরও বলেন, ’হাওরাঞ্চলের মানুষের মন বড়ো। তারা মুনাফিক নয়। তারা উপকার যে করে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে।’

আরও পড়ুন: গাংনীতে প্রবাসীর স্ত্রী হত্যার ঘটনায় একজন আটক

উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-স্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু,পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন,পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক প্রমুখ।

ইত্তেফাক/নূহু