বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতা রানার বাইক বহরে হামলা চালিয়ে মারপিটসহ একটি বাইক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। এদের মধ্য চারজনকে নন্দীগ্রাম (বিজরুল) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম বকুল বাদী হয়ে বিএনপির ৬১ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ৩২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের মহাজোট মনোনীত নৌকার প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনের পক্ষে শুক্রবার রাতে উপজেলার শিমলা বাজারে জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন রানা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ নেতাকর্মীরা গণসংযোগ চালায়। তারা নন্দীগ্রামে ফেরার পথে নামুইট এলাকায় পৌঁছুলে ধানের শীষের নেতাকর্মীরা তাদের বাইক বহরে হামলা করে।
এ সময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণসহ একটি বাইকে আগুন দেয়। হামলায় নৌকা মার্কার কর্মী আহসান হাবীব সজিব, রাশেদুল ইসলাম রিপন, রাব্বী হাসান, মিশকাত হোসেন আহত হয়। আহতদের নন্দীগ্রাম (বিজরুল) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুনঃ লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন
শনিবার সন্ধ্যায় নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, 'ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ভস্মীভূত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।'
ইত্তেফাক/নূহু
