বাগেরহাট-৪ উপ-নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন প্রার্থীরা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪০

মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বাগেরহাট- ৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের উপ-নির্বাচনে বুধবার  আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

বুধবার দুপুর আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট মোঃ. আমিরুল আলম মিলন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মোরেলগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মোঃ. মোস্তফা কামালের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। একই দিন জেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার মোঃ. ইউনুছ আলীর কাছে প্রথমে জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রী ও পরে  বিএনপি’র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন মনোনয়ন পত্র জমা দেন।

আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট মোঃ: আমিরুল আলম মিলন মনোনয়ন পত্র দাখিলের পর তার প্রাথমিক প্রতিক্রিয়ার জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী জানান। অন্যদিকে মনোনয়ন পত্র দাখিল করে বিএনপি’র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন নির্বাচনের কোন সুষ্ঠু পরিবেশ নেই দাবী করেছেন।

আগামী ২৩ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র বাছাই, ২৯ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহার, ১ মার্চ প্রতীক বরাদ্দ ও ২১ মার্চ ভোট গ্রহণ করা হবে। মোরেলগঞ্জ-শরণখোলা আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন ১০ জানুয়ারি মৃত্যুবরণ করায় এই আসনটি শূন্য হয়। সে অনুযায়ী আগামী ২১ মার্চ আসনটিতে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ইত্তেফাক/এসআই