মোরেলগঞ্জে গ্রেফতার ৯৯ জনকে জেলা হাজতে প্রেরণ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৭:০০

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিমের বাড়িতে অভিযানে গ্রেফতার ৯৯ জনের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গ্রেফতার করার পর বুধবার তাদের জেলা হাজতে প্রেরণ করেছে পুলিশ।

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকালে ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াত নেতা আব্দুল আলিমের এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় রোডস্থ বাসায় জড়ো হতে থাকে। সেখান থেকে দুপুরের পর ধানের শীষের মিছিল বের হবার কথা ছিল। এ জন্য উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে তার বাসায় শতশত জামায়াত শিবিরের নেতাকর্মী জড়ো হয়। এমন সংবাদের ভিত্তিতে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, ডিবি ওসি মইনুল ইসলামের নেতৃত্বে পুলিশের বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করে। এ সময় অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়।

জামায়াত নেতা বজলুর রশিদ বাদশা জানান, নির্বাচনী প্রচার উপলক্ষে তাদের প্রার্থীর বাসভবনে সভা চলছিলো। এ সময় পুলিশ অভিযান চালিয়ে জামায়াত নেতা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মনিরুজ্জামান, পৌর জামায়াতের সভাপতি রফিকুল ইসলামসহ শতাধিক নেতাকর্মীকে আটক করে।

আরো পড়ুন: প্রার্থী শূন্য আসন নিয়ে চিন্তিত বিএনপি

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, বাগেরহাট-৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীমের বাড়ির পুকুর পাড়ে ও কাছারী ঘরে কিছু লোক নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে ৯৯ জনকে আটক করা হয়েছে। এ সময় ১টি ওয়ান সূটার গান, ৩ রাউন্ড গুলি, ৯টি ককটেল, ৬টি পেট্রোল বোমা ও কিছু লাঠি সোটা উদ্ধার করা উদ্ধার করা হয়েছে।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম জানান, ৫৪ ধারার মামলায় গ্রেফতারকৃত ৯৯ জনকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে।

ইত্তেফাক/বিএএফ