করোনা সন্দেহে ঢাকাফেরত কিশোরকে ঘরে তালাবদ্ধ করে রেখেছে গ্রামবাসী

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৬:১৫

শেরপুরের ঝিনাইগাতীতে করোনা সন্দেহে আশিক (১৫) নামে এক কিশোরকে ঘরে তালাবদ্ধ করে রেখেছেন গ্রামবাসী। বাবা-মার সাথে ঢাকার আশুলিয়া থাকতো আশিক।

আশিক উপজেলার হাতিবান্দা ইউনিয়নের ঘাগড়া দক্ষিণ পাড়া গ্রামের আজাহর আলীর ছেলে। বাবা-মার সাথে ঢাকার আশুলিয়া থাকতো আশিক। 

হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দোলা জানান, সেখানে আশিক সর্দি, জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়। কিন্তু চিকিৎসকরা তাকে চিকিৎসা না দিলে ৪ এপ্রিল রাতে আশিক নিজ বাড়িতে চলে আসে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। একপর্যায় গ্রামবাসীরা ৫ এপ্রিল সকালে তাকে ঘরে তালাবদ্ধ করে রাখে এবং স্বাস্থ্য বিভাগকে অবহিত করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোগীর শরীরে করোনা ভাইরাস আছে কি না নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে প্রস্তুতি নেয়া হচ্ছে।

ইত্তেফাক/বিএএফ