দেশের চলমান করোনা পরিস্থিতিতে সহযোগিতা না পেয়ে দুর্ভোগে ছিলেন টাঙ্গাইলের মির্জাপুরের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর বহু পরিবার। এ নিয়ে দৈনিক ইত্তেফাক অনলাইন সচিত্র সংবাদ প্রকাশের পর খাদ্য সহায়তা পেলেন ওই ক্ষুদ্র নৃ গোষ্ঠীর পরিবারগুলো। বৃহস্পতিবার মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. যুবায়ের হোসেন বাঁশতৈল ইউনিয়নের ক্ষুদ্র নৃ গোষ্ঠী অধ্যুষিত পল্লীতে গিয়ে খাদ্য বিতরণ করেছেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, ১৩ নম্বর বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান মিলটন ও বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল দৈনিক ইত্তেফাক অনলাইন সংস্করণে ‘এখনো সহায়তা পায়নি ক্ষুদ্র-ন গোষ্ঠী পরিবার’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি প্রকাশের পর প্রশাসনের নজরে আসে।
আরও পড়ুন: আবারও বঙ্গবন্ধুকে ইবি শিক্ষার্থীর কটূক্তি, বহিষ্কার
পরে বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. যুবায়ের হোসেন জানান, স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর নির্দেশনায় তালিকা তৈরি ওই পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, লবণ, মরিচ, পিয়াজ, তেল, আলু ও সাবানসহ স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন উপকরণ দেওয়া হবে।
ইত্তেফাক/এসি

