জামালপুর সদর উপজেলা যুবলীগের সদস্যের গুদাম থেকে ১০ টাকা কেজি খাদ্যবান্ধব কর্মসূচির ২১৬ বস্তা চাল (১০,৪০০ কেজি) জব্দ করেছে পুলিশ। গত শনিবার (১১এপ্রিল) বিকেলে গোপনে খবর পেয়ে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালান নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
ওই যুবলীগ নেতা রানা মিয়া খোকা (৪২)। তিনি সদর উপজেলা যুবলীগের সদস্য। নরুন্দি নয়াপাড়া এলাকার আব্দুল কাদেরের গুদাম ভাড়া নিয়ে ধান-চালের ব্যবসা করতেন তিনি।
জানা গেছে,জব্দ করা ২১৬ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো বর্তমানে নরুন্দি তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। ওই যুবলীগ নেতা পালাতক আছেন। পুলিশ তাকে খুঁজছে।
আরও পড়ুন: কৃষিতে প্রধানমন্ত্রীর ৫ হাজার কোটি টাকার প্রণোদনা
নরুন্দি তদন্ত কেন্দ্রের আই.সি মো. সজীব রহমান জানান, এসব খাদ্যবান্ধব কর্মসূচির চাল গত চারদিন আগে অবৈধভাবে তিনি কিনে গুদামে রেখেছিলেন। দুপুরে পুলিশফোর্স নিয়ে ওই গুদাম থেকে চাল উদ্ধার করা হয়। এব্যাপরে থানায় মামলা হয়েছে বলে জানান। রানা মিয়াকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
ইত্তেফাক/এসি

