সরকারি ত্রাণের দাবিতে ঈশ্বরদীর দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সলিমপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামবাসী। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নওদাপাড়া ও পাশের গ্রামের শতাধিক নারী-পুরুষ এ বিক্ষোভে অংশ নিয়ে ত্রাণ সহযোগিতার দাবি জানান। এসময় মহাসড়কে দুইপাশে জরুরি পণ্যবাহী যানবাহন আটকা পড়ে।
বিক্ষোভকারীরা জানান, সলিমপুর ও দাশুড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী নওদাপাড়া গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র। চলমান পরিস্থিতে গত প্রায় এক মাসেও কর্মহীন মানুষরা এখনও সরকারি কোনো ত্রাণ সহযোগিতা পায়নি। ক্ষুধার জ্বালায় নিরুপায় হয়ে রাস্তায় এসেছি। চেয়ারম্যান ও মেম্বারদের বলেছি। তারা কোনো ব্যবস্থা নেয়নি।
সলিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার হাফিজ খান মুঠোফোনে জানান, ইউনিয়ন পরিষদ থেকে এই ওয়ার্ডে ৬০ জনকে বরাদ্দের ত্রাণ দেওয়া হয়েছে। আমাদের ওয়ার্ডে পাঁচটি গ্রামে অন্তত ৫০০ কর্মহীন ও অতিদরিদ্র মানুষ আছেন। সরকারি বরাদ্দ আবার এসেছে। এবারে নওদাপাড়া এলাকায় ত্রাণ সহযোগিতা দেওয়া হবে।
সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা জানান, বরাদ্দ পাওয়া গেছে। আগামী বুধবার ওই এলাকার ত্রাণ বিতরণ করা হবে।
ইত্তেফাক/এসি

