মধ্যরাতে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যা

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৭:১৭

বরিশালের মুলাদীতে মধ্যরাতেমোবাইল ফোনে বিদেশ ফেরত এক যুবককে ডেকে নিয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের আমানতগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে।

নিহত ওই যুবকের নাম ইমরান হোসেন (২৫)। তিনি ওই এলাকার আলতাফ হোসেন দফাদারের ছেলে। 

আটকরা হলেন- উত্তর বালিয়াতলী গ্রামের মালেক বেপারির ছেলে আরিফ, মজনু মীরের ছেরে সজিব, আলম খলিফার ছেলে সোহেল খলিফা এবং আলাউদ্দিন সরদারের কলেজ পড়ুয়া মেয়ে আফরোজা। 

নিহতের স্বজনরা জানান, কয়েক মাস আগে ইমরান কাতার থেকে দেশে আসে এবং করোনা পরিস্থিতির কারণে আটকে পড়ে। বুধবার রাত ১১টার দিকে খাওয়ার পরে সে ঘুমাতে গেলে মোবাইল ফোনে একটি কল আসে। ওই সময় ইমরান মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বের হয়। রাত ১২টার দিকে ইমরান ঘরে না ফিরলে তার বাবা-মা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হলে তাদের সন্দেহ হয়। রাতেই তারা খুঁজতে বের হয়ে ইমরানকে না পেয়ে হতাশ হয়ে পড়ে। 

আরও পড়ুন: নিষেধাজ্ঞা শেষ, কাল থেকে পদ্মা-মেঘনায় ইলিশ আহরণ শুরু

বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন আমানতগঞ্জ বাজারের কাছে জনৈক মিলন প্যাদার বাড়ির দক্ষিণ পাশের বিলের মধ্যে ইমরানের গলাকাটা লাশ দেখতে পায়। পরে তার স্বজন ও পুলিশে সংবাদ দেয়।

খবর পেয়ে বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক, মুলাদী থানা সার্কেল এএসপি আনিসুজ্জামান, মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধাসহ থানা পুলিশ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌছে ইমরানের লাশ উদ্ধার করে। 

মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান, হত্যার রহস্য উদ্ঘাটন করতে জিজ্ঞাসাবাদ চলছে। পূর্বশত্রুতা কিংবা প্রেম ঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইত্তেফাক/এসি