কৃষকের চোখের সামনে পুড়লো ক্ষেতের পাকা ধান

আপডেট : ০৯ মে ২০২০, ১৮:২৭

জীবননগর উপজেলার আলীপুর মাঠে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো কৃষক রমজান আলীর স্বপ্ন। ক্ষেতে কেটে স্তুপ করে রাখা পাকা ধানের গাঁদায় শুক্রবার রাত ৯টার দিকে দেওয়া আগুনে মুহূর্তেই অর্ধলক্ষাধিক টাকার ধান পুড়ে ছাঁই হয়ে যায়। 

এলাকাবাসীরা জানান, উপজেলার আলীপুর প্রাইমারি স্কুলপাড়ার আকরাম আলীর ছেলে রমজান আলী গ্রামের মাঠের বর্গা নেওয়া ২ বিঘা জমিতে এবার ধানের চাষ করেন। শুক্রবার তিনি ক্ষেতের পাকা ধান কেটে মাড়াই করার জন্য ক্ষেতেই ধান স্তুপ করে রাখেন। শনিবার সকাল হতে ধান মাড়াই করার কথা। কিন্তু ওই দিন রাত ৯টার দিকে শক্রতা করে কে বা কারা ধানের গাঁদায় আগুন লাগিয়ে দেয়। 

আরও পড়ুন: জুমের আগুনে পুড়ছে পাহাড়

গ্রামের লোকজন দ্রুত ঘটনাস্থলে গেলেও মাঠে পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে ব্যর্থ হয়। ফলে উপস্থিত কৃষক রমজানসহ সকলের চোখের সামনে স্বপ্নের দুই বিঘা জমির ধান পুড়ে ছাঁই হয়ে যায় ।

ইত্তেফাকে/এসি