কুড়িগ্রামে খাদ্যের দাবিতে সড়কে জনতা, ইউএনও’র গাড়িতে হামলা

আপডেট : ০৯ মে ২০২০, ১৮:৪৭

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় চৌরাস্তায় খাদ্যের দাবিতে গাছের গুড়ি ফেলে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। শনিবার সকাল থেকে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ এ বিক্ষোভে অংশ নেয়। পরে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে খাদ্য সহায়তার বিষয়ে আশ্বস্ত করতে গেলে বিক্ষোভকারীরা চড়াও হয়। এসময় বিক্ষোভকারীদের হামলায় ইউএনও’র গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়।

বিক্ষোভকারীরা জানায়, কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে বারবার তাদের জাতীয় পরিচয়পত্রে ফটোকপি নেওয়া হলেও দীর্ঘ সময় ধরে এখন পর্যন্ত তারা কোনো খাদ্য সহায়তা পাননি। ফলে এসব মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে না খেতে পেয়ে রাস্তায় বিক্ষোভে নেমেছেন।

আরও পড়ুন: জুমের আগুনে পুড়ছে পাহাড়

কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল জানান, সরকারি বরাদ্দের খাদ্য সহায়তা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিতরণ করার পরেও মহিলা সদস্য মর্জিনা বেগম তার এলাকার লোকজন দিয়ে এই অবরোধ করেছে।

ইউএনও ময়নুল ইসলাম জানান, অবরোধের বিষয়টি জানার পর জনগণের সঙ্গে কথা বলতে গেলে আমার ওপর চড়াও হয়ে গাড়িতে হামলা করে। আমি সমাধানের জন্য কথা বলতে গিয়েছিলাম। ঘটনাটি খুবই দুঃখজনক। 

ইত্তেফাক/এসি