নির্বাচন কেন্দ্রে হিরো আলমের অ্যাকশন, ভিডিও ভাইরাল

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৯:৪০

ইউটিউবে বিচিত্র অভিনয়, গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনায় আসেন হিরো আলম। সবশেষ একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আলোচনা আরো তীব্র করেন।

৩০ ডিসেম্বর ভোটের দিন তার উপর হামলার ঘটনা ঘটে। হামলার সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখে মনে হতে পারে হিরো আলমের কোনো অ্যাকশন সিনেমার শুটিং চলছে৷ কিন্তু সেটি ছিল ভোট কেন্দ্রে তার আচরণ ও পরে মার খাওয়ার দৃশ্য। 

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। রবিবার একটি ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি দেখেন, কয়েকজন যুবক দৌড় দিয়ে পালিয়ে যাচ্ছেন। এটা দেখে তিনি ভোট কক্ষের কাছে গিয়ে ‘নৌকার কে, নৌকার কে’ বলে চিৎকার করতে থাকেন। 

এরপর দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে তেড়ে আসা ব্যক্তিরা হিরো আলমকে মারতে মারতে কেন্দ্র এলাকার সীমাছাড়া করে।

পরে সুষ্ঠু ভোটগ্রহণ না হওয়া এবং হামলার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন হিরো আলম। এসব ঘটনা তিনি গণমাধ্যমে তুলে ধরেন। ভোট বর্জন করলেও হিরো আলম ৬৩৮ ভোট পেয়েছেন বলে জানা গেছে। 

আরো পড়ুন: বিপিএলের প্রথম এমপিকে অভিনন্দন রংপুর রাইডার্সের

ইত্তেফাক/জেডএইচ