পরিবারের সকলেই যখন ঈদের আনন্দ উপভোগ করছেন। একসঙ্গে ঈদ আনন্দের ছবি পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঠিক তখনই এক বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে যায় তার তিন ছেলে।
ওই বৃদ্ধা মায়ের নাম ছিরাতুন্নেছা। বয়স প্রায় ৮০ বছর। তিনি জয়পুরহাট পৌর শহরের জানিয়ার বাগান এলাকার মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। ৯৯৯ নম্বরের খবরের সুবাদে পুলিশ তিন ছেলেকে আটক করেছে এবং বৃদ্ধা মাকে বর্তমানে টিটিসি সেফ হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, তিন ছেলে কৌশলে মা ছিরাতুন্নেছার জমাজমি যা ছিল সব লিখে নেয়। এরপর থেকে বৃদ্ধা মায়ের ভরণপোষণে অবহেলা, কথায় কথায় গালমন্দ, মানসিক নির্যাতনসহ অমানবিক আচরণ করতে থাকেন। এই অমানবিক আচরণের ধারাবাহিকতায় মায়ের ভরণপোষণ কোন ছেলেই আর করবেন না এমন সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর ঈদের দিন সোমবার (২৫ মে) সকালে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাশে বৃদ্ধা মা ছিরাতুন্নেছাকে ফেলে রেখে যায় তারা। এ সময় বৃদ্ধা মা ছিরাতুন্নেছার কান্নায় দেখতে আসা স্থানীয়রা হটলাইন ৯৯৯ এ কল করে খবর দেয়। খবর দেওয়ার সূত্র ধরে ওইদিন সন্ধ্যায় পুলিশ এসে ওই বৃদ্ধা মাকে উদ্ধার করে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর (টিটিসি) সেফ হোমে রাখার ব্যবস্থা করে।
এ ঘটনায় বৃদ্ধা ছিরাতুন্নেছার নাতবৌ শিল্পী আকতার বাদী হয়ে তার শ্বশুর ও চাচা শ্বশুরের নামে একটি মামলা করলে পুলিশ তিন ছেলেকে আটক করে। এরা হচ্ছেন- আব্দুর রাজ্জাক, মোয়াজ্জেম হোসেন ও মোজাম্মেল হক।
আরো পড়ুন : ডেপুটি স্পিকারের স্ত্রীর মৃত্যুতে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর শোক
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃত তিন ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
ইত্তেফাক/এএএম

