বদরগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৫:৩৫

রংপুরের বদরগঞ্জে ভাতিজা রনজুল হক ভজের লাঠির আঘাতে চাচা মতিয়ার রহমানের (৭০) মৃত্যু হয়েছে।বুধবার সকালে উপজেলার লোহানীপাড়া ইউপির মহদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মহদিপুর গ্রামের ফজলে উদ্দিনের ছেলে রনজুলের সাথে খড়ের স্তূপ দেওয়াকে কেন্দ্র করে চাচা মতিয়ার রহমানের কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা রনজুল, গুলসান, মিজানুর, মোর্তুজা, ইলিয়াস, তুহিন একজোট হয়ে লাঠি নিয়ে চাচা মতিয়ার রহমানকে বেদম মারপিট করে। এতে মতিয়ার রহমান জ্ঞান হারিয়ে ফেললে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন: শপথ নেননি জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত ৭ প্রতিনিধি

নিহত মতিয়ার রহমানের ছেলে হামিদুল ইসলাম জানান, আমার বাবাকে অন্যায়ভাবে তারা মেরে ফেলেছে। এ ঘটনার আমি সুষ্ঠু বিচার চাই।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আখতার জাহান আঁখি জানান, মতিয়ার রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/বিএএফ