ভোলার তজুমদ্দিনের এক মা তার অসুস্থ দুই বছরের কন্যা শিশুকে গলাকেটে হত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রামের এ ঘটনা ঘটে।
শিশুটির নাম মরিয়াম। তার বয়স দুই। বাবার নাম নাজিম উদ্দিন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনায়েত হোসেন জানান, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় শিশুর মা রুবিনা বেগমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, পারিবারিক অভাব অনটন ও অসুস্থতার কারণে শিশুটিকে গলাকেটে হত্যা করেছেন। পরে শিশুর বাবা এজহার দাখিল করলে ৩০২ ধারায় হত্যা মামলা রুজু হয়।
আরও পড়ুন: পদ্মায় কলাগাছের ভেলায় ভেসে এলো অজ্ঞাত নারীর মৃতদেহ
বাবা নাজিম উদ্দিন জানান, আমার অভাব অনটনের সংসারে তিন সন্তান। দুই বছরের কন্যা মরিয়মের মলদ্বারে ঘা’তে ওষুধ লাগানোর ফলে চিৎকার করছিল। বিরক্ত হয়ে মা তাকে গলা কেটে হত্যা করে।
থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাবার অভিযোগের প্রেক্ষিতে হত্যা মামলা দায়ের করে মাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এসি
