নিখোঁজ হওয়ার দুই দিন পর নেত্রকোনার খালিয়াজুরীতে মো. আব্দুল্লাহ (২৫) নামে এক ড্রেজার মালিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রসুলপুর গ্রাম সংলগ্ন ধনু নদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আব্দুল্লাহ উপজেলার গাজীপুর ইউনিয়নের বাতুয়াইল গ্রামের আসাদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বালু উত্তোলনকারী ড্রেজার মালিক আব্দুল্লাহ ও তার মামাতো ভাই আশরাফুল গত বুধবার কাজ শেষ করে রাতে খালিয়াজুরীর রসুলপুর গ্রাম সংলগ্ন ধনু নদে নোঙ্গর করা একটি নৌকায় ঘুমিয়ে ছিলেন।বৃহস্পতিবার সকালে আশরাফুল ঘুম থেকে উঠে তাকে পাননি। তাকে খুঁজে না পেয়ে বৃহস্পতিবার খালিয়াজুরী থানায় সাধারণ ডায়েরি করেন। শুক্রবার বেলা ১১টার দিকে ধনু নদেই জেলেদের জালে মেলে আব্দুল্লাহর লাশ।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ হযরত আলী তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মন্ত্রিপরিষদে বড় চমক আসছে: ওবায়দুল কাদের
ইত্তেফাক/অনি
