ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সোমবার (৩ আগস্ট) সকালে ভাঙ্গা কুমার নদীর ওপর নির্মিত ডাক্তার শওকত আলী ফকির সেতুর নামফলক উদ্বোধন করেন। একই সাথে সেতুটি দিয়ে এখন থেকে নিয়মিত যানবাহন ও জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। আলগী ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি, কলেজপাড়ে কুমার নদীর ওপর একটি বড় সেতু নির্মাণের। সেই সাথে সেতুটি নির্মাণের ফলে পার্শ্ববর্তী মুকশেদপুর থানার সাথে যান যোগাযোগও সচল হলো।
সকলের দাবির কথা বিবেচনা করে এমপি নিক্সন চৌধুরীর আপ্রাণ চেষ্টায় স্বল্প সময়ের মধ্যে সেতুটি নির্মাণ কাজ শেষ হয়। এমপি নিক্সন চৌধুরী সেতুটির ভিত্তি প্রস্তুর উদ্বোধনের সময়েই সেতুটির নামকরণ করেছিলেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সফল সভাপতি ও ত্যাগী নেতা মরহুম ডাক্তার শওকত আলী ফকিরের নামে।
এমপি নিক্সন চৌধুরী আজ সোমবার সেতুটির নামকরণ ফলক উদ্বোধনের সময় বলেন, ‘আওয়ামী লীগকে ভালোবেসে যারা ত্যাগ স্বীকার করে দলটিকে আজ উচ্চ পর্যায়ে নিয়ে এসেছে তাদের মধ্যে মরহুম ডাক্তার শওকত আলী ফকিরও একজন। অত্যন্ত সৎ ও বিনয়ী এবং জনদরদি নেতা হিসাবে তার সুনাম ছিল সর্বত্র। আমাদের সকলেরই উচিত এসব ত্যাগী নেতাদের যথার্থ সম্মান প্রদর্শন করা। আগামীতে ফরিদপুর-৪ আসনে যত বড় স্থাপনা হবে আমি আশা করব ত্যাগী নেতাদের নামে যেন সেসব হয়। এছাড়াও বাবলাতলা সেতু, চৌকিঘাটা সেতুর নামও আওয়ামী লীগের ত্যাগী নেতাদের নামে নামকরণ করা হবে।’
আরও পড়ুন: চরভদ্রাসনে বন্যার্তদের মাঝে এমপি নিক্সন চৌধুরীর ত্রাণ বিতরণ অব্যাহত
মরহুর ডাক্তার শওকত আলী ফকির সেতুর নামকরণ ফলক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন-ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম ডাক্তার শওকত আলী ফকিরের ছেলে আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, আলগী ইউপি চেয়ারম্যান কাওছার ভুইয়া, ঘারুয়া ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লা, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর ও ভাঙ্গা বাজার বণিক সমিতির সম্পাদক আবু জাফর মুন্সি প্রমুখ।
ইত্তেফাক/এএএম

