বগুড়ার নন্দীগ্রামে তিন ঘণ্টার ব্যবধানে মারা গেলেন স্ত্রী ঝরিমুন বিবি (৫০) ও স্বামী আনছার আলী আকন্দ (৬২)। সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের হাটলাল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ছেলে-তিন মেয়ে ও নাতি-নাতনি নিয়ে কৃষক আনছার আলী ও ঝরিমুন বিবির সংসার। গত শনিবার হঠাৎ করে আনছার আলী আকন্দ অসুস্থ হয়ে পড়েন। তখন পরিবারে লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর তাকে ভর্তি করা হয় হাসপাতালে। বিভিন্ন পরীক্ষার পর আনছার আলীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে ধরা পড়ে। স্বামীর ব্রেইন স্ট্রোকের খবর শুনে অসুস্থ হয়ে পড়েন স্ত্রী ঝরিমুন বিবি। অসুস্থ অবস্থায় ঝরিমুন বিবি সোমবার ভোর তিনটার দিকে নিজ বাড়িতে মারা যান। এরপর ভোর ৬টার দিকে আনছার আলীও মারা যান।
আরো পড়ুন : সাতক্ষীরায় শিশুকে ধর্ষণের পর পুকুরে ছুড়ে হত্যা
নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী বারেক স্বামী-স্ত্রীর একসঙ্গে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি বেদনা দায়ক। এক সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকাবাসী শোকাহত।
ইত্তেফাক/ইউবি

