চট্টগ্রামে পানির ট্যাংক থেকে ২ শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৯:৩৮

নগরীর আকবর শাহ এলাকায় ভূগর্ভস্থ পানির ট্যাংক থেকে ২ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্যাংকে নামার পর বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

রবিবার হারবাতলী নামক স্থানে একটি নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে। মৃত ২ শ্রমিক হলেন- রাজু আহমেদ (২৭) ও খুরশিদ আলম রায়হান (২৮)। তাদের বাড়ি নোয়াখালী জেলায়। 

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অফিসার জাহিদ চৌধুরী ইত্তেফাককে বলেন, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে সাটারিংয়ের কাঠ সরাতে ২ শ্রমিক ট্যাংকে নামেন। ট্যাংকের ভেতরে অক্সিজেন স্বল্পতার কারণে দমবন্ধ হয়ে তারা অজ্ঞান হয়ে যায়। আমরা গিয়ে তাদের মরদেহ উদ্ধার করি।’ 

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, দুই শ্রমিক পানির ট্যাংক পরিষ্কার করতে নেমেছিল। সেখানে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইত্তেফাক/ইউবি