মাস্ক ব্যবহার না করার দায়ে পিরোজপুরের কাউখালী উপজেলার সদরে সাপ্তাহিক বাজারে অভিযান চালিয়ে ৪১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘরের বাইরে বের হতে হলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারিভাবে এমন নির্দেশনা দেওয়া থাকলেও সচেতনতার অভাবে অনেকেই তা মানছেন না। তাই জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪১ জনকে একশ টাকা করে মোট চার হাজার একশত টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: ফুলবাড়ীতে আড়াই মাসে বিদ্যুতস্পৃষ্টে ৬ জনের মৃত্যু, প্রচারণা ও রক্ষণাবেক্ষনের অভিযোগ
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা.খালেদা খাতুন রেখা বলেন, করোনার সংক্রমণ রোধে এই অভিযান চালানো হয়েছে। সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ইত্তেফাক/এসি
