ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় কাভার্ডভ্যানে তল্লাশি করে ২১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব।
এসময় মাদক বিক্রির নগদ তিন হাজার ৪০০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
সোমবার ভোর রাতে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিপুর এলাকায় র্যাব এ অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুরের মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের মৃত হাসেম মোল্লার ছেলে আরিফ মোল্লা (২৬) এবং হাটঘাটা গ্রামের দুলাল খানের ছেলে শাকিল খান (১৯)।
কুমিল্লাস্থ র্যাব-১১ সিপিসি-২ এর কার্যালয়ে সোমবার দুপুরে কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
মেজর সাকিব আরো জানান, ‘মাদক পাচারের কাজে ব্যবহৃত ঢাকাগামী ইনসাফ কার্গো সার্ভিস নামের একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৬৫ লাখ টাকা।’
‘জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বলেছে, তারা দীর্ঘদিন ধরে নানান বাহনে করে অভিনব কৌশলে ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও পাচার করে আসছিল।’
ইত্তেফাক/জেডএইচ

