দ্বিগুন উৎসাহে সিলেটে রোপা আমন চাষে নেমেছেন কৃষক

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১৮:২১

এবার  তিন দফা বন্যার পরও সিলেট বিভাগে আউশের ভালো ফলন দেখে  রোপা আমন চাষীরা দ্বিগুন উৎসাহে এখন মাঠে নেমেছেন। বার বার বন্যার কারণে সিলেটের রোপা আমন চাষীরা সময়মত বীজতলা করতে গিয়ে বাধা গ্রস্ত হন মারাত্মকভাবে। বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার ১৬ টি উপজেলার আমন চাষীদের কিনা হিমশীম খেতে হয়। 

এদিকে কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শ্রীনিবাস দেবনাথ জানান, ‘এখন  সিলেট বিভাগে বন্যার পূর্বাভাস নেই। নদ-নদীর পানিও বিপদসীমার নীচে। বন্যায় বার বার কৃষকরা বাধা প্রাপ্ত হলেও এখন নাভী জাতের রোপা আমনের আবাদ চলছে।’ নির্ধারিত সময়ে রোপা আমনের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ করা হবে, এই আশাবাদ ব্যাক্ত করে তিনি।  

কৃষি বিভাগ জানায়  চলতি মৌসুমে সিলেটের চার জেলায় ৪ লক্ষ এক হাজার ৯৮৭ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ২৫ আগস্ট পর্যন্ত প্রায় ৩ লক্ষ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে।  আবহাওয়া সঠিক  থাকলে নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা শতভাগ পূরণের কথা জানালেন, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক। কৃষি বিভাগ জানায় আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অবশিষ্ট জমিতে ধান রোপণ  সম্পন্ন হবে। উফশী ও স্থানীয় জাতের মিলে সিলেট বিভাগে এবার রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লক্ষ এক হাজার ৯৮৭ হেক্টর। 

সিলেট: সিলেট জেলায় সর্বোচ্চ এক লক্ষ ৪১ হাজার ২৫০ হেক্টর জমিতে আবাদ করা হবে। যার মধ্যে উফশী ৯৮ হাজার ৭৫০ ও স্থানীয় জাতের ৪২ হাজার ৫০০ হেক্টর জমি রয়েছে। এ পর্যন্ত সিলেটে আবাদ হয়েছে এক লক্ষ ১০ হাজার ২৬০ হেক্টর। 

মৌলভীবাজার:  জেলায় এক লক্ষ ২০০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা । উফশী ৯৮ হাজার ৫৩৬ ও স্থানীয় জাতের মাত্র এক হাজার ৬৬৪ হেক্টর জমি রয়েছে। আবাদ হয়েছে ৮৯ হাজার ৩৩৫ হেক্টর। 

হবিগঞ্জ: জেলায় ৭৯ হাজার ১৫০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা । উফশী ৭৬ হাজার ৯৫০ ও স্থানীয় জাতের ২ হাজার ২০০ হেক্টর জমি রয়েছে। আবাদ হয়েছে ৫৫ হাজার ৪০০ হেক্টর। 

সুনামগঞ্জ:  জেলায় ৮১ হাজার ৩৮৭ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা।  উফশী ৬৪ হাজার ৫১৫ ও স্থানীয় জাতের ১৬ হাজার ৮৭২ হেক্টর জমি রয়েছে। আবাদ হয়েছে ৪৪ হাজার ৭৬০ হেক্টর। 

সবমিলিয়ে চলতি মৌসুমে এ পর্যন্ত সিলেট অঞ্চলে ২ লক্ষ ৯৯ হাজার ৭৫৫ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদ করা হয়েছে।