ঠাকুরগাঁওয়ে ব্রিজের ছাঁদ ধসে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৯:১৪

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় একটি পুরাতন ব্রিজের ছাঁদ ভাঙ্গার সময় ছাঁদ ধসে চাপা পড়ে দুইজন​ শ্রমিক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার দুপুরে জেলার হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের বুজরুক-কাদোশুকা গ্রামের পুরাতন ব্রিজে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি আমিরুজ্জামান।

নিহত শ্রমিকরা হলেন- উপজেলার আমগাঁও ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের সহবুলের পুত্র তরিকুল ইসলাম (২০) ও একই গ্রামের আ. রউফের পুত্র তজিবুর রহমান (৪৫)। আহতরা হলেন-উপজেলার আমগাঁও ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের গুল মোহাম্মদের ছেলে আখের ও শাম মোহাম্মদের ছেলে জিয়াউর রহমান।

ওসি আমিরুজ্জামান বলেন, পুরাতন ব্রিজের ছাদ ভাঙার সময় শ্রমিকদের ওপর ছাদ চাপা পড়লে তারা দুজন মারা যান। আহতদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ অনুমোদন পেলেন বিরোধী দলীয় নেতা এরশাদ ও উপনেতা গোলাম মোহাম্মদ কাদের

হরিপুর উপজেলা এলজিইডি অফিসার আ. ছামাদ বলেন, হরিপুর উপজেলার বুজরুক বড়পুল এলাকায় পরিত্যক্ত একটি ব্রিজ মুক্তার হোসেন নামে এক ঠিকাদারকে দেয়া হয়েছে টেন্ডারের মাধ্যমে। আজ সেটি ভাঙতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

ইত্তেফাক/নূহু