চাঁদার টাকা না পেয়ে নারীদের পেটানোর অভিযোগে তাঁতীলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৮:৪৪

বাগেরহাট শহরে চাঁদার টাকা না পেয়ে নারীসহ পাঁচজনকে পিটিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক লিটু দাসকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত দশটায় বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই তাঁতীলীগ নেতাকে গ্রেপ্তার করে। গত শুক্রবার হামলায় আহত সাইদ শেখ বাদী হয়ে মডেল থানায় তাঁতীলীগ নেতা লিটুকে প্রধান আসামি করে মোট আটজনের বিরুদ্ধে মামলা করেন।

এর আগে গত শুক্রবার এই তাঁতীলীগ নেতা লিটু দাসের বিরুদ্ধে অসামাজিক ও সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এনে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে লিটু দাস ওই হামলার ঘটনায় জড়িত কি না তা উল্লেখ করা হয়নি।

শুক্রবার সকালে বাগেরহাট শহরের রেলরোডের বস্তি এলাকায় চাঁদার ২০ হাজার টাকা না পেয়ে মারপিট করে একই পরিবারের চার নারীসহ পাঁচজনকে আহত করে চাঁদাবাজরা। আহতরা হলেন, দুই বোন মিতা আক্তার (১৬), আঁখি আক্তার (২১), চাচা সাইদ শেখ (৪০), মা আসমা বেগম (৪৩) ও ফুফু মুক্তা বেগম (৩০)।

আরও পড়ুনঃ রংপুরের মিঠাপুকুরে চলন্ত বাসে পেট্রোলবোমা হামলার মামলা ৫ বছর ধরে থমকে আছে

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন সকালে এই প্রতিবেদককে বলেন, ‘রবিবার রাত দশটার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁতীলীগ নেতা লিটু দাসকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার সকালে লিটুর নেতৃত্বে প্রকাশ্যে চাঁদার দাবিতে শহরের রেলরোড বস্তির সাইদ শেখের বাড়িতে গিয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হন। ওই হামলার মামলায় লিটু দাস এজাহারনামীয় প্রধান আসামি। ওই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

ইত্তেফাক/নূহু