পাবনায় পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষক

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১৬:২৬

পাবনার  বিভিন্ন এলাকা পেঁয়াজ চাষে বেশ উর্বর। জেলার নয়টি উপজেলায় কম-বেশি পেঁয়াজের আবাদ হলেও সুজানগর, সাঁথিয়া, সদর ও বেড়া উপজেলায় পেঁয়াজের আবাদ বেশি হয়। পাবনায় ৪৫ টন পেঁয়াজের চাহিদা থাকলেও উৎপাদন হয় প্রায় সাত লাখ টন। 

মুড়িকাটা পেঁয়াজ বিঘা প্রতি সনকাবারি (এক বছর চুক্তি) জমিসহ কৃষকের খরচ হয় ৫০ থেকে ৮০ হাজার টাকা। ফলন ভালো হলে বিঘা প্রতি উৎপাদন হয় ৪৫ থেকে ৫৫ মণ পেঁয়াজ। তবে বর্তমানে পেঁয়াজের বাজার দর ভালো হওয়ায় দিন দিন পাবনাতে মুড়িকাটা ও হালি পেঁয়াজের চাষ বাড়ছে।  

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা ইদ্রিস আলি জানান, এবছর হালি, মুড়িকাটা ও দানা পেঁয়াজ মিলে আবাদের লক্ষ্যমাত্রা ৫২ হাজার ৬৪০ হেক্টর। এর মধ্যে মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ৯ হাজার ৫৪০ হেক্টর জমিতে। গত মৌসুমে পাবনাতে ৫১ হাজার ৪৮০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিলো।

এরমধ্যে মুড়িকাটা পেঁয়াজ ৯ হাজার ৩৮০ হেক্টর এবং জেলায় উৎপাদন হয়েছিলো এক লাখ ১০ হাজার ৯১০ টন পেঁয়াজ। বাজার দর ভালো হওয়ায় এ বছর মুড়িকাটা পেঁয়াজের আবাদ বাড়বে বলে ধারণা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।

আরও পড়ুন: যুগের পর ‍যুগ ধরে পরিত্যক্ত আবাদপুকুর খাদ্য গুদাম

সুজানগরের কৃষক ইসহাক আলি, সাঁথিয়ার আব্দুস সাত্তার, সদর উপজেলার করিম শেখ সহ অনেকে বলেন, এখন তারা যে পেঁয়াজ বুনছেন, সেই পেঁয়াজ উঠতে মাস আড়াই সময় লাগবে। এটি ঝুঁকিপূর্ণ একটি ফসল। আড়াই থেকে তিন হাজার টাকা মণ বিক্রি করতে পারলে তাদের একটু লাভ হবে। ভারতীয় পেঁয়াজ আমদানি না করতে সরকারকে অনুরোধ জানান কৃষকরা। তারা অভিযোগ করেন, চাষাবাদের জন্য ব্যাংকে ঋণ চাইলেও কাঙ্খিত ঋণ পান না। ঋণ পেলে তাদের চাষের পরিধি আরও বাড়াতে পারতেন।

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুল কাদের  ইত্তেফাককে বলেন, পাবনা সারা দেশের পেঁয়াজ আবাদের সমৃদ্ধ একটি জেলা। এবছর পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দানাসহ ৫২ হাজার ৬৪০হেক্টর জমিতে। ইতিমধ্যে এবছর কৃষকরা মুড়িকাটা পেঁয়াজ অক্টোবরের মাঝামাঝি থেকে  লাগানো শুরু করেছেন। এখন লাগানো প্রায় শেষের দিকে। এবছরের ডিসেম্বরের শেষ অথবা আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে এ পেঁয়াজ উঠবে। পেঁয়াজ চাষ করে কৃষকরা গতবছর লাভবান হওয়ায় এবছর বেশি আবাদ করবেন বলে তিনি ধারণা করছেন। এছাড়া মুড়িকাটা পেঁয়াজ চাষে রোগ বালাইসহ অন্য ক্ষতির হাত থেকে রক্ষার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে সচেতন করা হচ্ছে।

ইত্তেফাক/এসি